দীর্ঘ আট বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত এই আংশিক কমিটির শীর্ষ দুই পদের দায়িত্ব পেয়েছেন সরকারি চাকরিজীবী। কেন্দ্রীয় ছাত্রদল ডা. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং ডা. মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদল এই কমিটির অনুমোদন প্রদান করে। কমিটিতে আরও স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. জাকারিয়া আশরাফ আশফি এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাক।

তদন্ত করে জানা গেছে, পাঁচ সদস্যের এই কমিটিতে কেবল দুজন যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাক বর্তমানে ঢামেকের নিয়মিত শিক্ষার্থী। বাকিদের মধ্যে আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ঢামেকের কে-৭২ ব্যাচের এবং অপর দুজন কে-৭৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী। তারা ২০২১-২২ শিক্ষাবর্ষের আগেই চিকিৎসাবিজ্ঞানে তাদের পাঠ সম্পন্ন করেছেন।

অনুসন্ধানে আরও দেখা গেছে, নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ও সদস্যসচিব ডা. মেশকাত শরীফ ভূঁইয়া রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে ‘মেডিকেল অফিসার’ হিসেবে কর্মরত। নিয়োগটি চুক্তিভিত্তিক হলেও এটি সরকারি চাকরির আওতাভুক্ত। অন্যদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আশফি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক হিসেবে নিয়োজিত। উল্লেখ্য, সদস্যসচিব ডা. মেশকাত সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ২০২২ সালেই তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢামেক শাখার কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হন।

নাম প্রকাশ না করার শর্তে ঢামেক ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, ছাত্র রাজনীতির পাশাপাশি জীবিকার প্রয়োজনে পেশা বা ব্যবসা পরিচালনা করা স্বাভাবিক হলেও সরকারি চাকরিতে বহাল থেকে রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পদে আসীন হওয়া রাজনৈতিক শিষ্টাচার ও বিধিমালার পরিপন্থি। তাদের দাবি, কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি অবগত থাকা সত্ত্বেও অজানা কারণে তাদেরই ঢামেকের নেতৃত্বে এনেছে।

এই অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ও সদস্যসচিব ডা. মেশকাত শরীফ ভূঁইয়া ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপ বার্তাতেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালের ১৮ জুলাই সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ মেয়াদোত্তীর্ণ থাকার পর চলতি বছরের ১১ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।