দেশব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হেনস্তা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দলটির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে এনসিপি উল্লেখ করেছে, "সাম্প্রতিক সময়ে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের দ্বারা একাধিক ইউএনওকে হেনস্তার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক এবং একটি সুষ্ঠু প্রশাসনিক পরিবেশের জন্য অশনিসংকেতস্বরূপ।"
প্রশাসনের নিরপেক্ষতা ও রাজনৈতিক ম্যান্ডেটের গুরুত্ব তুলে ধরে বিবৃতিতে বলা হয়, "আমরা বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের রাজনৈতিক ম্যান্ডেট এবং প্রশাসনের পেশাগত নিরপেক্ষতা– দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে গৃহীত নীতি ও কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে কিন্তু সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যক্ষ চাপ, ভয়ভীতি বা হস্তক্ষেপ প্রশাসনের ওপর আরোপ করা গ্রহণযোগ্য হতে পারে না।"
ফ্যামিলি কার্ডসহ যেকোনো সরকারি কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব আইন ও বিধিমালা মেনে চলা বলে মনে করে এনসিপি। তাদের মতে, "ফ্যামিলি কার্ডসহ যে–কোনো সরকারি কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের দায়িত্ব আইন, বিধি ও নির্ধারিত নীতিমালার আলোকে কাজ করা। কোনো রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের ইচ্ছা বা চাপ প্রশাসনিক সিদ্ধান্তের নিয়ামক হয়ে উঠলে তা কেবল প্রশাসনের নিরপেক্ষতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাগত সক্ষমতা ও জনআস্থাকেও দুর্বল করে।"
রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, "কোনো ইউএনও বা রাষ্ট্রীয় কর্মকর্তাকে দায়িত্ব পালনের কারণে হেনস্তা, অপমান বা রাজনৈতিকভাবে চাপ প্রয়োগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।"
তবে আমলাতন্ত্রের জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এনসিপি জানায়, "একই সঙ্গে আমরা এমন কোনো প্রশাসনিক ব্যবস্থার পক্ষেও নই, যেখানে আমলাতন্ত্র জবাবদিহিতার বাইরে থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বা সরকারের বৈধ নীতিগত সিদ্ধান্তকে উপেক্ষা করবে। প্রশাসনের প্রয়োজন পেশাগত স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার ভিত্তি হতে হবে আইন, নীতি ও জনগণের প্রতি জবাবদিহিতা।"
গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্তৃত্ব ও প্রশাসনিক পেশাদারিত্বের ভারসাম্য থাকা জরুরি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, "রাজনৈতিক আনুগত্য নয়, পেশাগত দক্ষতা ও আইনের শাসন; রাজনৈতিক হস্তক্ষেপ নয়, নীতিগত দিকনির্দেশনা, হেনস্তা নয়, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, এই নীতির ভিত্তিতেই প্রশাসনকে পরিচালিত হতে হবে।"
সবশেষে দলীয় প্রভাবমুক্ত ও পেশাদার প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে এনসিপি বলে, "আমরা হেনস্তার রাজনীতির বিরুদ্ধে এবং দলীয় প্রভাবমুক্ত, পেশাদার, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষে।" দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে সকল ইউএনও যেন পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে দলটি।