গ্যাস ও বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের চরম অব্যবস্থাপনার কারণেই সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি আক্ষেপ করে বলেন, "ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।"

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত এক মোমবাতি মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে।"

বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধ করার পাশাপাশি অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। সেই সঙ্গে সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশনে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়। ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই সাধারণ মানুষ মেনে নেবে না।"

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জামায়াত নিরন্তর কাজ করে যাচ্ছে।

উক্ত মিছিলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।"