চট্টগ্রামের হাটহাজারীতে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একটি ঝটিকা শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ছয়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করে শেষ হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের নেতৃত্বে এই মিছিলটি পরিচালিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান প্রদান করেন।

ঘটনা প্রসঙ্গে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে চবি ২ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের চেষ্টা করে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তবে সুনির্দিষ্ট তদন্ত ও অভিযানের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকের সঠিক সংখ্যা প্রকাশ করেনি পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।