বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম বা পারফরম্যান্স আশাজাগানিয়া নয় বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে।"

সরকার উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়সীমাও মান্য করেনি উল্লেখ করে তিনি বলেন, "জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।"

ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় এই শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।