বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাটে রাত ৮টার পর ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ফেরি বন্ধ হওয়ার পর শুরু হয় রিজার্ভ ট্রলারের দাপট। ফলে ১৫ টাকার ফেরিভাড়ার পরিবর্তে যাত্রীদের দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে। এই পরিস্থিতির কারণে প্রতিদিন যাতায়াতকারী প্রায় অর্ধলক্ষ মানুষের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন নিয়ে বিপাকে পড়ছেন বেশ কয়েকটি উপজেলার বাসিন্দারা।

বরিশাল নগরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বাবুগঞ্জ, মুলাদী, হিজলা উপজেলা এবং কাজিরহাট থানার মানুষের কাছে এই ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের পর যুগ ধরে এখানে এই দুর্ভোগ চলে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাতে যাতায়াতের প্রয়োজনীয়তা বাড়লেও ফেরি সার্ভিসের সময়সীমা বাড়ানো হয়নি। ফলে সন্ধ্যার পর ঘাটে পৌঁছানো মানুষ বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় ট্রলারে নদী পার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, দিনে ফেরিতে জনপ্রতি ভাড়া ১৫ টাকা হলেও রাত ৮টার পর ফেরি বন্ধ হলে ট্রলারে দিতে হয় ৩০ টাকা। এছাড়া মোটরসাইকেলসহ পারাপারে খরচ হয় প্রায় ৫০ টাকা।

বরিশালে কর্মরত রাসেল নামের এক ব্যক্তি বলেন, "আমি বরিশালে চাকরি করি, স্ত্রী চাকরি করেন মুলাদীতে। প্রতিদিন বরিশাল থেকে শত শত মানুষ রাত ৯টার পর বাড়ি ফেরেন। কিন্তু ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে রিজার্ভ ট্রলারে বাড়তি টাকা দিয়ে পার হতে হয়। মীরগঞ্জে সেতু হলে এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পেত।"

সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ছেন মুলাদী, হিজলা ও কাজিরহাট থেকে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা। চিকিৎসা শেষে রাতে ঘাটে এসে ফেরি না পেয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।

নাম প্রকাশ না করার শর্তে মুলাদীতে কর্মরত কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, রাত ৮টার পর মুলাদী, হিজলা ও কাজিরহাটের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ফেরির সময়সীমা রাত ১০টা পর্যন্ত করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

গত ১৩ আগস্ট মুলাদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফেরির সময় বাড়ানোর দাবি তোলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মীরগঞ্জ ফেরি রাত ১০টা পর্যন্ত চালুর জোর দাবি জানান মুলাদী পৌর ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়াতুল্লাহ।

মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক শরিয়াতুল্লাহ বলেন, "মুলাদী ও হিজলার মানুষের জন্য ফেরি সার্ভিস রাত ১০টা পর্যন্ত চালু রাখা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা সভায় জানানো হলে ইউএনও গুরুত্বের সঙ্গে নিয়েছেন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, "জনস্বার্থে মীরগঞ্জ ফেরি রাত ১০টা পর্যন্ত চালুর প্রস্তাব গত মাসের জেলা সমন্বয় সভায় দেওয়া হয়েছিল। সেখানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ট্রিপ বাড়ানোর আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন তা কার্যকর হয়নি, খতিয়ে দেখা হবে। ফেরি বন্ধের পর রিজার্ভের নামে বাড়তি অর্থ আদায়ের বিষয়টিও আমাদের জানা আছে, তাই জনস্বার্থে ফেরির সময় রাত ১০টা পর্যন্ত বাড়াতেই হবে।"