শ্রীলঙ্কায় কিশোর ক্রিকেটারদের সঙ্গে কথা কাটাকাটি ও শারীরিক সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিজ্ঞ ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো। ৬২ বছর বয়সী এই কোচ একসময় শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিসের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কলম্বোর সিনামন গার্ডেনস পুলিশ ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। আদালত ওই কিশোরকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার প্রবেশন ও শিশু পরিচর্যা বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ৮ আগস্ট কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। মাঠে অনুশীলনরত কয়েকজন ক্রিকেটার পানি পান করতে গিয়ে দেখেন যে কলটিতে পানি নেই। এই বিষয় নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্লাব কর্মী ফার্নান্দোর কথা কাটাকাটি শুরু হয়।

তদন্তে জানা গেছে, একপর্যায়ে এই বিরোধ শারীরিক সংঘর্ষে রূপ নেয়। প্রাথমিক তথ্যানুযায়ী, ফার্নান্দো একজন খেলোয়াড়কে আঘাত করার চেষ্টা করেছিলেন এবং সেই সময়েই ১৭ বছর বয়সী ক্রিকেটারটি তাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় ফার্নান্দোকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত কিশোর ক্রিকেটারটিকে ১০ আগস্ট গ্রেপ্তার করে পরদিন কলম্বোর একটি আদালতে হাজির করা হয়।

তবে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। চিকিৎসার নথিতে তার হৃদ্‌রোগের তথ্য পাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হয়েছে। বিচারিক চিকিৎসা কর্মকর্তা এ বিষয়ে উন্মুক্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আরও পরীক্ষার জন্য শরীরের নমুনা সরকারি বিশ্লেষকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফার্নান্দো মোরাতুয়ার প্রিন্স অব ওয়েলস কলেজের সাবেক কোচ ছিলেন। স্কুল পর্যায়ে কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট দল ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে শ্রীলঙ্কার পুলিশ।