প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই কেন্দ্রীয় আয়োজনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক পর্যায়ে দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ কর্মসূচি পালন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দলের ঘোষিত এই কর্মসূচিতে বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিত থাকার ও অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।