পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জনসহ মোট ৫৬ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ জন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
একইভাবে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে আরও সাতজন সহকারী পুলিশ সুপারকে অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
অবসরে পাঠানো এএসপি পদমর্যাদার কর্মকর্তারা হলেন—র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, "জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।" এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধাদি পাবেন।