রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় বন্য হাতির পাল সড়কে নেমে আসায় দীর্ঘ তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বন থেকে কয়েকটি হাতি সড়কে নেমে এসে অবস্থান নেয়। হঠাৎ এই দৃশ্য দেখে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে সড়কে চলাচলকারী যাত্রীরা হাতিগুলোর উপস্থিতি লক্ষ্য করেন এবং দ্রুত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে খবর দেন। খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
হাতিগুলোকে পুনরায় বনে ফিরিয়ে নিতে বন বিভাগের সদস্যরা প্রথমে আতশবাজি ব্যবহার করেন, তবে তাতে কাজ হয় না। পরবর্তীতে ফাঁকা গুলি ছুড়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত আটটার দিকে হাতির দলটি বনের ভেতরে চলে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, "সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্য হাতির আনাগোনা বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।"