ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিস সড়কে মোহাম্মদ রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সড়কে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকায় পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বির স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে একই এলাকার ফজলুল হক, সাব্বির ও লিটনসহ এক পক্ষের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় মাসকান্দা এলাকায় অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দেয় রাব্বির পক্ষের বিক্ষুব্ধ লোকজন। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।"