বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, প্রতিটি ঘরে ট্যাপের মাধ্যমে পানি পৌঁছে দেওয়া সম্ভব হলে বিশেষ করে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট এবং নিরাপত্তাঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই লক্ষ্য অর্জনে স্থানীয় জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গ্রামীণ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বৃষ্টির মধ্যেও বরিশাল সফরের অভিজ্ঞতায় সন্তুষ্টি প্রকাশ করে ইয়োরিস ভ্যান বোমেল স্থানীয় জীবনযাত্রা, মানুষের আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডাচ সরকার, বিভিন্ন সংস্থা এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলীয় মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

বরিশালের ঐতিহ্যবাহী ভাসমান বাজার ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। স্থানীয় জীবনযাত্রার এই ব্যতিক্রমী চিত্র তাঁকে আকৃষ্ট করেছে বলে জানান তিনি। পাশাপাশি বরিশালের মাছের স্বাদ ও বৈচিত্র্যের পাশাপাশি এখানকার প্রকৃতি ও ঐতিহ্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

সফরকালে ডাচ প্রতিনিধি দল বাকেরগঞ্জের দুর্গম এলাকায় ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় অফ-গ্রিড পদ্ধতিতে সুপেয় পানি সরবরাহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রচলিত অবকাঠামোর বাইরে কীভাবে নিরাপদ পানি পৌঁছে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি।

ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে বলেন, "প্রায় দুই দশক আগে তাঁদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। উপকূলীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা সুপেয় পানির সংকটকে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তাই দীর্ঘদিন ধরে নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তাঁদের প্রতিষ্ঠান।"

ডাচ প্রতিনিধি দলের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।