মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের করার দায়ে লাভলী আক্তার নামের এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক দোলন বিশ্বাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার বাদী ও আসামি উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর নয়াডাঙ্গী গ্রামের আরিফুল ইসলামের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৫ মার্চ স্বামী ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন—এমন অভিযোগ এনে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন লাভলী।

মামলা চলাকালীন বাদীসহ মোট তিনজন সাক্ষ্য প্রদান করেন। তবে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদে এটি প্রমাণিত হয় যে, এজাহারে উল্লিখিত ঘটনার প্রায় সাত মাস আগেই অভিযুক্ত আরিফুল ইসলাম প্রবাসে চলে গিয়েছিলেন। অর্থাৎ, ঘটনার সময়ে আসামি দেশে ছিলেন না। সাক্ষীদের সাক্ষ্য এবং সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বাদীপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে আদালত আসামি আরিফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা করার অপরাধে বাদী লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

তবে কারাদণ্ডপ্রাপ্ত নারীকে পরবর্তীতে জামিন প্রদান করা হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার জানান, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। এরপর এক মাসের মধ্যে আপিল করার শর্তে ১ হাজার টাকার বন্ডে আদালত লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।