রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকার যানজট নিরসন এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি বিশেষ পাইলট প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই সংকেতব্যবস্থাগুলো স্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, "যানজটে নগরবাসীর প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থার মাধ্যমে যান চলাচল আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে।"

ডিএসসিসি সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের সংকেতব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে শিগগিরই ডিএসসিসি এলাকার আরও ২২টি মোড়ে স্বয়ংক্রিয় সংকেত চালু করা হবে।

প্রশাসক জানান, স্বয়ংক্রিয় ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিক হাতে সংকেত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না। তবে এই নতুন ব্যবস্থার সফলতা নিশ্চিত করতে চালক ও পথচারীদের ট্রাফিক সংকেত মেনে চলার পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি গাড়ি চালানোর সময় রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও নির্দিষ্ট লেন অনুসরণ করার এবং মোড়ের আশপাশে ভাসমান দোকান কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা না রাখার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।