সাভারে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোম (আইইডি) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাভার থানায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
আজ আদালতে আসামিকে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন সাভার মডেল থানার পরিদর্শক নুর মোহাম্মদ। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, "আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ওই স্থানে মিলিত হয়েছিল।" এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জঙ্গি সংগঠনের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে জানানো হয়। শুনানি শেষে আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।