চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের তালিকায় রয়েছেন শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম এবং কনস্টেবল ইসতিয়াক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে। ওই ব্যক্তির মোবাইল ফোনে পুলিশের সঙ্গে বিভিন্ন কথোপকথন এবং অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ বিভাগ তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে ওই পাঁচ পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মেলে। এর প্রেক্ষিতেই তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে সমালোচনার মুখে গত ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল।
এই প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, "প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"