স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে দলে নিতে প্রস্তাবের অঙ্ক ২৫ শতাংশ বাড়িয়েও ম্যানচেস্টার সিটিকে রাজি করাতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ এই তারকার জন্য কাতালান ক্লাবটির দেওয়া ছয় কোটি ইউরোর নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাবটি।
বাংলাদেশি মুদ্রায় বার্সেলোনার এই প্রস্তাবের মূল্য প্রায় ৮৫২ কোটি টাকা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর তথ্য অনুযায়ী, রদ্রিকে ছাড়তে ম্যানচেস্টার সিটি অন্তত আট কোটি ইউরো দাবি করছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৩৬ কোটি টাকা।
জানা গেছে, রদ্রির জন্য বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ৪ কোটি ৮০ লাখ ইউরো। সেটি প্রত্যাখ্যাত হওয়ার পর তারা প্রস্তাবের পরিমাণ ২৫ শতাংশ বাড়িয়ে ছয় কোটি ইউরো করে। তবে তাতেও সবুজ সংকেত দেয়নি সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার ও ডেইলি এক্সপ্রেসের দাবি, আট কোটি ইউরোর কম মূল্যে রদ্রিকে ছাড়বে না ইংলিশ ক্লাবটি। দ্য টাইমসও নিশ্চিত করেছে যে, বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে সিটি।
এত বাধা সত্ত্বেও বার্সেলোনা এখনো ছয় কোটি ইউরোর মধ্যেই চুক্তিটি সম্পন্ন করার আশা করছে। তারা প্রস্তাবের একটি অংশ সরাসরি পরিশোধ এবং বাকি অংশ পারফরম্যান্সনির্ভর বোনাস হিসেবে দিতে চায়। সিটির দাবি কমাতে বোনাসের অঙ্ক বাড়ানোর চেষ্টা করতে পারেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।
এই দলবদলের আলোচনায় বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি হলো রদ্রির সম্মতি। এএস জানিয়েছে, স্পেন অধিনায়ক এরই মধ্যে কাতালান ক্লাবটিকে বেছে নিয়েছেন। ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে আলোচনার পর রিয়াল মাদ্রিদের পরিবর্তে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত, অর্থাৎ চুক্তিতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তির প্রস্তাবে তিনি সাড়া না দেওয়ায় এবারের দলবদলেই তাকে বিক্রি করে অর্থ সংগ্রহের সুযোগ দেখছে ইংলিশ ক্লাবটি। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং সাবেক ব্যালন ডি’অরজয়ীকে সহজে ছাড়তে নারাজ সিটি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন শতাধিক ম্যাচ খেলা রদ্রি সাম্প্রতিক সাফল্যের অন্যতম প্রধান কারিগর।
রদ্রির সম্ভাব্য দলবদল নিয়ে সিটির পক্ষে আলোচনা পরিচালনা করছেন ফেরান সোরিয়ানো ও ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা। শুক্রবার সিটির ক্যাম্পে যোগ দেওয়ার কথা রদ্রির। তবে দুই ক্লাবের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে তাকে বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শেষ করার অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে রদ্রির বিকল্প হিসেবে প্রস্তুতি নিচ্ছে সিটি। নটিংহাম ফরেস্ট থেকে এরই মধ্যে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে তারা। এছাড়া চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দিকেও নজর রয়েছে ইংলিশ ক্লাবটির।
বর্তমানে দুই পক্ষের দাবিকৃত মূল্যের ব্যবধান দুই কোটি ইউরো। তবে রদ্রির বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা এবং কাতালান ক্লাবটির দৃঢ় আগ্রহের কারণে আলোচনা এখনো পুরোপুরি ভেঙে যায়নি। শেষ পর্যন্ত বোনাসসহ নতুন কোনো কাঠামোর মাধ্যমে সমঝোতা হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।