ফেসবুকে রাজনৈতিক মন্তব্য করায় এক সমালোচকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাকে অশালীন ভাষায় গালিগালাজ এবং ধরে আনার হুমকি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে মোবাশ্বের আলম ভূঁইয়া একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’
এই পোস্টের কমেন্ট বক্সে সৌরভ হোসেন সরওয়ার নামে এক ব্যক্তি মন্তব্য করে লেখেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ ওই মন্তব্যের জবাবে এমপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে চরম অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে সরাসরি গালি দিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘.... (গালি) তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’
একজন সংসদ সদস্যের আইডি থেকে এমন কুরুচিপূর্ণ জবাব আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই ওই মন্তব্যে ‘হাহা’ রিঅ্যাকশন দেন এবং বিষয়টির তীব্র সমালোচনা করেন।
ঘটনার বিষয়ে জানতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘সত্য আমি লিখছি। হেতেরে টোকাইতেছি ধরবের লাইগা। এটার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কী লিখছি। আপনাদের মত সাংবাদিকরা বলবেন, এটা সুপার এডিট! না, এটা কোনো এডিট না, আমি যা বলছি, আমি এটা সত্য বলছি।’
নিজের ব্যবহৃত অশালীন ভাষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকাশ্যে গালি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি গালি দিছি। হেতের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি, তারে পাইলে ধরি নিয়ে আসমু।’
এমপি আরও যোগ করেন, ‘হেতেরা মিছিল করছে, পুলিশ আসামি ধরছে, তাহলে এটা নিয়ে নাচে কেন! পারলে তাদেরকে ঠেকাবিনা। যেখানে এ ঘটনা, সেখানে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। বিএনপির ঘরানার লোক আমাকে বেজ্জতি করলে আমি কি আই লাভ ইউ বলব! আমি বলতে পারব না? সোজাসাপটা হিসাব।’