ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং ফিফার খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আরও সুযোগ পেল বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই তিন ক্লাবকে আগামী ১৭ আগস্টের মধ্যে লাইসেন্সিং কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
এর পাশাপাশি নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলো আগামী ১৯ আগস্ট পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য প্রাথমিক সময়সীমা ছিল ৪ আগস্ট। পরবর্তীতে তা বাড়িয়ে প্রথমে ৭ আগস্ট এবং এরপর ১১ আগস্ট করা হয়। বৃহস্পতিবার নতুন করে ১৭ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করে চতুর্থবারের মতো সময়সীমা বাড়াল বাফুফে।
মূলত বৃহস্পতিবার ছিল খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। তবে ফিফার নিষেধাজ্ঞা কার্যকর থাকায় বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরেরপুল নতুন খেলোয়াড় নিবন্ধন করতে ব্যর্থ হয়। এই তিন ক্লাবের জটিল পরিস্থিতির কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়াতে বাধ্য হয়েছে বাফুফে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্টের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের প্রথম দুই রাউন্ডে খেলতে পারবেন। এছাড়া ৩ সেপ্টেম্বরের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা লিগ ও ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচগুলোতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নিষেধাজ্ঞার তালিকায় সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে রয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির বিরুদ্ধে ফিফার ১৪টি খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর বিরুদ্ধে তিনটি নিষেধাজ্ঞা থাকলেও এর মধ্যে দুটি প্রত্যাহার করা হয়েছে; বর্তমানে একটি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এছাড়া ফকিরেরপুল ইয়ংমেনসের বিরুদ্ধে রয়েছে দুটি নিষেধাজ্ঞা।