রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. জহির হাওলাদার (৫৪), অঙ্গসংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২) এবং নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রায়হান ইসলাম ওরফে রাতুল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।"

জানা গেছে, গণ–অভ্যুত্থানের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের দমাতে রায়হান ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই বছরের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শাহ আলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক ১৫ মিনিট আগে মিরপুরের লাভ রোডে পরিচালিত এক অভিযানে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।