অপশাসন, জুলুম এবং গণহত্যার পথ অনুসরণ করলে কারও পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি মনে করেন, শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া প্রয়োজন।
সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "হাসিনা যেভাবে গণহত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে এবং জুলুম করেছে, সেই পথে যেই হাঁটবে তার পরিণতি ভালো হবে না। অপশাসন করলে তাকে অধপতনের দিকেই যেতে হবে। এটি শুধু কোনো একটি দলের জন্য নয়, জামায়াতও যদি কখনও ভুল পথে যায়, তাহলে তাদেরও জনগণের সমর্থন হারাতে হবে।"
আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনকাল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ গত ১৭ বছরে যে লুণ্ঠন, খুন ও দমন-পীড়নের রাজনীতি করেছে, দেশের মানুষ তা সহজে ভুলবে না।"\ এই ধরনের কর্মকাণ্ডের কারণেই দলটি বর্তমানে বিচারের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, "শেখ হাসিনা যদি সাহসী হতেন, তাহলে দেশ ছেড়ে না গিয়ে দেশের মাটিতেই বিচারের সম্মুখীন হতেন।"
রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করা গণতন্ত্রের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, "হেলিকপ্টার থেকে গুলি করা এবং ঘরে ঢুকে মানুষ হত্যার মতো ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।"
খুনি ও স্বৈরাচারী শাসকদের এ দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।