ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান এবং তাঁর সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সফরের সময়সীমা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "দ তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে।"
দেশের অভ্যন্তরীণ ব্যস্ততার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, "বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন আছে। সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়ে দেশে ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ সামনে রয়েছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।"
বিদেশ সফর নিয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে তিনি স্পষ্ট করেন, "আমি আবারও বলছি। সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের আলোচনা কতটুক এগোচ্ছে, সেটার ওপর।"
বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগ তো রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।"
অন্যদিকে, শেখ হাসিনা ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শামা ওবায়েদ বলেন, "আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ নেয় না, ভালোভাবে নেবে না।"
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, "জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে। কিন্তু যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি এবং সেটাও ভারত যেন মনে রাখে।"
পরিশেষে প্রধানমন্ত্রীর সফরের বর্তমান অবস্থা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। এটি দুই দেশের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।