ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই সম্ভাবনার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। এখনও সম্ভাবনা আছে ভারত সফরের।"
তিনি আরও ইঙ্গিত দেন যে, ব্রিকস সম্মেলনের আগেই এই সফরটি সম্পন্ন হতে পারে।
এদিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উপযুক্ত সময়ে তিনি সেখানে সফর করবেন।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠকের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, "সিংগাপুরে এক্সপোর্ট বৃদ্ধি করতে সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।"
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, "জুলাইয়ের রক্তের দাগ এখনও শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।"
গত ছয় মাসে সরকারের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে সফল বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।"