বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এক ধাপ এগিয়ে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই তামিম ইকবালকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এখন এই তালিকায় মুমিনুলের সামনে রয়েছেন কেবল মুশফিকুর রহিম।
ম্যাচটি শুরুর সময় মুমিনুলের সংগ্রহ ছিল ৫ হাজার ১৩১ রান। অন্যদিকে, তামিম ইকবালের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছিল ৫ হাজার ১৩৪ রানে। ফলে তামিমকে ছাড়িয়ে যেতে মুমিনুলের প্রয়োজন ছিল মাত্র ৪ রান, যা ইনিংসের শুরুতেই অর্জন করেন তিনি।
নিজের ৭৯তম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৪৯ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন মুমিনুল। ছয়টি চার সংবলিত এই ইনিংসের পর তাঁর মোট টেস্ট রান দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৬।
বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট খেলে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরির সৌজন্যে ৫ হাজার ১৩৪ রান করেছিলেন তামিম। তবে তালিকার শীর্ষে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬ হাজার ৮০৬ রান।
ডারউইন টেস্টে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারী দল। মুমিনুলের সঙ্গে ৩২ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬০ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।