বামপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং বারবার ভাঙনের ফলে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের কাছে বামপন্থার গ্রহণযোগ্যতা ও আস্থা হ্রাস পেয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দীর্ঘদিনের এই বিভক্তি বাম আন্দোলনের সামগ্রিক শক্তিকে দুর্বল করে দিয়েছে বলে তিনি মনে করেন।
সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “বাম সংগঠনগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং ‘পিউরিস্টিক অ্যাটিটিউড’ বা নিজেদের অবস্থানকে একমাত্র সঠিক মনে করার প্রবণতার কারণে বারবার ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি তরুণদের মধ্যেও বামপন্থার প্রতি আস্থা কমেছে।”
তিনি উল্লেখ করেন, ১৯৯৩ সালে সিপিবির ভেতরে একটি বড় ধরনের পরিবর্তন আসলেও দলটি এখনো ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হয়েছে। তবে অন্যান্য বাম দলগুলোর ক্ষেত্রে নেতৃত্বের সংকট এবং বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে ঐকমত্যের অভাব বিভক্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান।
একই সঙ্গে তিনি বলেন, “রাতারাতি সব কমিউনিস্ট দলের ঐক্য সম্ভব নয়। তবে বিভিন্ন ইস্যু ও কর্মসূচিকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে। বাম গণতান্ত্রিক জোটের মাধ্যমে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।”
রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণি সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাম রাজনীতিকে পুনরায় শক্তিশালী করতে কর্মসূচিভিত্তিক ঐক্য এবং যৌথ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।