ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের সঙ্গে পাঁচ বছরের দীর্ঘ সম্পর্ক শেষ করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ তাকে ৪ কোটি ইউরোয় দলে নেওয়ার বিষয়ে টটেনহামের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে দুই ক্লাবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০২৪ সাল থেকেই রোমেরোকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল আতলেতিকো। দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তার পর অবশেষে সফল হতে চলেছে দিয়েগো সিমিওনের দল। উল্লেখ্য, ইন্টার মিলানও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল, তবে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় স্পেনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

২০২১ সালের মাঝামাঝি সময়ে টটেনহামে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচে ১৩ গোল করেছেন রোমেরো। ২০২৫ সালে টটেনহামের ইউরোপা লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। সেই শিরোপার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল উত্তর লন্ডনের এই ক্লাবটি।

মাদ্রিদে রোমেরোর জন্য অপেক্ষা করছেন স্বদেশি কোচ দিয়েগো সিমিওনে। আতলেতিকোর স্কোয়াডে তিনি হুয়ান মুসো, জুলিয়ানো সিমিওনে ও জুলিয়ান আলভারেজের মতো আর্জেন্টাইন সতীর্থদের পাবেন। রোমেরোকে দলে অন্তর্ভুক্ত করে রক্ষণভাগ আরও শক্তিশালী করাই এখন স্প্যানিশ ক্লাবটির মূল লক্ষ্য।