গাজীপুর সাফারি পার্কে নিজেদের মধ্যে সংঘর্ষ এবং অসুস্থতার কারণে দুটি হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিগুলোর মধ্যে একটির নাম ছিল ‘রাজা বাহাদুর’। নিয়ম মেনে পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। এই ঘটনায় বর্তমানে পার্কে হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে আটটিতে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি হাতির মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় নিয়ম অনুযায়ী পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ মে পার্কের হাতিশালায় শিকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর ‘জয়িতা’ নামে অপর একটি হাতি হামলা চালায়। এতে রাজা বাহাদুর মাটিতে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায়। হাতিটির আশঙ্কাজনক অবস্থার প্রেক্ষিতে একটি অভিজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে ৪ জুন থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা দেওয়া হলেও সব চেষ্টা ব্যর্থ হয় এবং ৭ আগস্ট সকালে হাতিটি মারা যায়।

অন্যদিকে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে ৬ আগস্ট রাতে অপর হাতিটির মৃত্যু হয়। মৃত্যুর পর ময়নাতদন্ত করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ের অনুমতিক্রমে পরবর্তীতে পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটিচাপা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ‘রাজা বাহাদুর’ নামে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করেছিল।