দেশে অবৈধ অটোরিকশার আধিক্যের কারণে বিদ্যুতের চাহিদায় আকস্মিক বৃদ্ধি ঘটেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, "যে পরিমাণে ব্যাটারি রিকশা এসেছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এরা যে চার্জে বসায় সেগুলো বেশিরভাগই অবৈধ সংযোগ। আমরা এই অবৈধ সংযোগ ধরার চেষ্টা করছি। এ ধরনের কাজে গেলে আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায়।"
জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "আরও ৩টা এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা আছে। ১০-১২ দিন আগে একটা টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।"
মন্ত্রী আরও জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। একই সঙ্গে তেল নিয়ে বাজারে প্রচলিত গুজবের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমার কিছু করার নাই এখন, দিন গোনা ছাড়া।"
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। তবে এই সংকটের জন্য পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, "বিগত আওয়ামী সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে।"