সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ এবং এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। বৈঠকে মূলত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের সুযোগ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে ঢাকা সফরে এসেছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) এই ব্যবসায়ী প্রতিনিধি দল। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট পোস্টে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, "ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম।"

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আরও উল্লেখ করেন যে, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।

এর আগে চলতি বছরের ৩০ জুলাই বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সেই সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সার্জিও গর জানান, "আমরা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাই যে, এখানে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। তা ওষুধ শিল্প হোক বা তথ্যপ্রযুক্তি।" সে সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের কথা জানিয়েছিলেন।