দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুই দফা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দুই দফায় মোট ৫ হাজার ৪৮৬ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন কোনো ঘোষণা না আসায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

সবশেষ গত মঙ্গলবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস জানিয়েছে, "পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।"

এর আগে গত শনিবার (৮ আগস্ট) সকালে স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়, যা ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০১ বার স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।