সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। এই অভিযানে ট্রলার থেকে শিকার নিষিদ্ধ ৯টি বড় আকারের শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ এবং প্রায় ২ হাজার বড়শি ও জালসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙা-নীলবাড়ীয়া খালে এই অভিযান চালানো হয়। আটক জেলেদের পরিচয় পাওয়া গেছে—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মোবিল্লাল (৩০), মোজাফর হাওলাদার (২৮), দুলাল (৩৫), বশির (২৮), আসাদ (২৫) ও ইব্রাহিম (৩৮)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ‘শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিম’-এর বনরক্ষীরা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই সময় ভাঙা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে বনরক্ষীরা সেটির দিকে এগিয়ে যান। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে সাময়িক নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ওই ছয় জেলেকে আটক করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, "বর্তমানে সুন্দরবনে সব ধরনের মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা খালে মাছ ধরছিলেন এবং সুনির্দিষ্টভাবে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছিলেন।"

তিনি আরও জানান, এই ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে এবং আটক জেলেদের বৃহস্পতিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।