ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন তিন বোন। তারা হলেন নাজিবা ইসলাম, নাবিলা ইসলাম ও নাফিসা ইসলাম। এদের মধ্যে প্রথম দুজন যমজ এবং নাফিসা ছোট। তবে তৃতীয় শ্রেণি থেকেই তারা একই শ্রেণিতে পড়াশোনা করে আসছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এই তিন বোনই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।

তিন বোনের বাবা ব্যবসায়ী নাদিমুল ইসলাম। তাঁদের পৈতৃক বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে তারা ঢাকায় বসবাস করেন। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন মঙ্গলবার কারওয়ান বাজারে মুক্তকণ্ঠ কার্যালয়ে এসে তিনি তাঁর তিন মেয়ের এই সাফল্যের কথা জানান।

নাদিমুল ইসলাম বলেন, "তিন মেয়েই নিয়মিত পড়াশোনা করেছে। তাদের সাফল্যের পেছনে রয়েছে নিষ্ঠা, মেধা ও অধ্যবসায়। ঝড়বৃষ্টি যা-ই হোক, তারা নিয়মিত স্কুলে যেত। স্কুলের পাশাপাশি বাসায় পড়াশোনা করেছে। অনলাইনেও বিভিন্ন ক্লাস করেছে। কেবল পরীক্ষার আগে কোচিং করেছে।"

সন্তানদের এই অর্জনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নাদিমুল ইসলাম। তিনি বলেন, "সন্তানদের ওপর কখনো পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করেননি; বরং ছোটবেলা থেকেই তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। পড়াশোনার পাশাপাশি বই পড়া, সাহিত্য-সংস্কৃতিচর্চা, ছবি আঁকা এবং নিজেদের আগ্রহ অনুযায়ী জ্ঞানার্জনে উৎসাহ দিয়েছেন।"

তিন বোনের দশম শ্রেণির ‘সি’ শাখার শ্রেণি শিক্ষক ইসমত আরা মুক্তকণ্ঠকে জানান, "তিন বোনই খুব ভালো মেয়ে। পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। ক্লাসে নিয়মিত ছিল। বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলত। ওদের নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। অভিভাবকেরাও খুব সহযোগী ছিলেন।"