রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের ভিড় হ্রাস এবং যাতায়াত আরও সহজ করতে চলতি মাসের শেষ নাগাদ দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হতে যাচ্ছে। এর ফলে শেষ দুটি ট্রেনের মধ্যবর্তী ২০ মিনিটের বিরতি কমে ৭-৮ মিনিটে নেমে আসবে বলে জানানো হয়েছে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এই বর্ধিত সময়ের জন্য প্রয়োজনীয় চালক নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন।