লিটন দাসের পূর্ণ সুস্থতার কথা নিশ্চিত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন। কাফ মাসলের চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেও প্রস্তুতি ম্যাচে লিটনকে দেখা যায়নি, যা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। তবে সংবাদ সম্মেলনে নাজমুল স্পষ্ট জানান, লিটন এখন শতভাগ ফিট।

এদিকে, পেসার শরীফুল ইসলামের সুস্থ হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গে থাকা জাকের আলী ও মুশফিক হাসান দেশে ফিরে আসছেন।

মূলত লিটন দাসের চোটের কারণে জাকের আলীকে দলের সঙ্গী করা হয়েছিল। প্রথম টেস্টের প্রাথমিক দলে লিটন না থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি দলের সঙ্গে যোগ দেন। এখন লিটন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় জাকেরের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের পাশাপাশি পঞ্চম পেসার হিসেবে মুশফিক হাসান অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য ফিট হয়ে গেছেন শরীফুল ইসলাম, যিনি আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন। ফলে মুশফিক আর দলের সঙ্গে সেখানে থাকছেন না।

আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল মাঠে নামবে। এরপর ২৩ আগস্ট দুই দলের মধ্যে দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ ম্যাচে জাকের আলী ও মুশফিক হাসান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন।