দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ২০০৩ সালের পর আগামীকাল সকালে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কাকতালীয়ভাবে, দুই দশক আগে অস্ট্রেলিয়ার যে ভেন্যুতে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ, এবারও প্রথম টেস্টের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সেই মারারা স্টেডিয়াম। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট।

ম্যাচটি দেখার বিষয়ে জানা গেছে, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি এই লড়াইটি সম্প্রচার করবে না। তবে দেশে খেলাটি দেখার সুযোগ রয়েছে স্ট্রিমিং সাইট ট্যাপম্যাড (Tapmad)-এর মাধ্যমে। প্রতিষ্ঠানটি এই সিরিজের সম্প্রচার স্বত্ব লাভ করেছে। ট্যাপম্যাড অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করলেই সরাসরি খেলা দেখা যাবে।

এছাড়া ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলেও এই সিরিজটি সরাসরি সম্প্রচার করা হবে। ভারতের স্টার স্পোর্টস ওয়ান এবং পাকিস্তানের টেন ক্রিকেট চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। এই চ্যানেলগুলো দেখার জন্য দর্শকরা তাদের কেব্‌ল লাইনের সহায়তা নিতে পারেন।