চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় এক অনন্য কৃতিত্ব দেখিয়েছে যমজ ভাই-বোন। মো. আহাদ খাঁন ও লামিয়া খাঁন উভয়েই জিপিএ-৫ অর্জন করেছেন। একই পরিবারের দুই সন্তানের এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন এবং শিক্ষকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

যমজ এই ভাই-বোন মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের বাসিন্দা। তাদের বাবা মো. হেলাল উদ্দিন খাঁন ঢাকায় একজন ব্যবসায়ী এবং মা ফারজানা লাভলী একজন গৃহিণী। তারা স্থানীয় আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফল প্রকাশের পর তাদের এই জোড়া সাফল্যের খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আহাদ খাঁন ও লামিয়া খাঁন বলেন, "ভালো ফলাফলের পেছনে আমাদের বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে দুজনই চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।"

সন্তানদের এমন সাফল্যে আবেগপ্লুত বাবা মো. হেলাল উদ্দিন খাঁন বলেন, "ছেলে-মেয়ে দুজনের পড়াশোনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। একসঙ্গে দুজনের এই ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।"

শিক্ষার্থীদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা। তিনি বলেন, "আমাদের প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আহাদ ও লামিয়ার এই সাফল্য শুধু তাদের পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য গৌরবের। আমরা তাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"