সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানির পর এই আদেশ প্রদান করেন। এর আগে গত ৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামি মোনালিসা ইসলামকে সিএমএম আদালতে হাজির করে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন জানান। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "মেহেরপুরের ৮টি মামলা এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন মোনালিসা ইসলাম। জামিননামা কারাগারে পৌঁছানোর পর মুক্ত হওয়ার আগেই তাকে নতুন এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।"
মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকার নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাসা থেকে পুলিশ মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে। নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তার বিরুদ্ধে চলমান মামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।