দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা থাকলেও, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের খেলা দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না।
সাধারণত বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলো টি স্পোর্টসে সম্প্রচারিত হয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি ওই চ্যানেলটি। এছাড়া দেশের অন্য কোনো টিভি চ্যানেলও স্বত্ব না কেনায় টেলিভিশনে ম্যাচ দেখার সুযোগ থাকছে না দর্শকদের জন্য।
বাংলাদেশ থেকে এই সিরিজটি সরাসরি দেখার একমাত্র বৈধ মাধ্যম হিসেবে থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। তবে বিনামূল্যে খেলা দেখা যাবে না; এর জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট প্যাকেজ কিনতে হবে। ট্যাপম্যাডের ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো দেখা যাবে।
এদিকে অস্ট্রেলিয়ায় সিরিজটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল সেভেন, ফক্সটেল ও কায়ো স্পোর্টস। এছাড়া সেভেন প্লাসে খেলা দেখা যাবে বিনামূল্যে। আন্তর্জাতিক পর্যায়ে ভারতে স্টার স্পোর্টস ও জিওহটস্টার, যুক্তরাজ্যে ডিএজেডএন এবং পাকিস্তানে টেন স্পোর্টস ও ট্যাপম্যাডে খেলা সম্প্রচারিত হবে। তবে এই সম্প্রচারগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।
আগামীকাল বৃহস্পতিবার ডারউনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট, যার সময় নির্ধারিত হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে শান্ত-মুশফিকরা আবারও সেখানে সাদা পোশাকে মাঠে নামলেও, দেশের দর্শকদের খেলা দেখতে এবার অর্থের বিনিময়ে ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভর করতে হবে।