সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠিতে চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। বিলুপ্ত করা কমিটিগুলোর মধ্যে রয়েছে ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে খুব শিগগিরই নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এই সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, "সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূলের কাজকে আরও শক্তিশালী করতেই চার ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব দ্রুত যোগ্য, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে।"
তিনি আরও জানান, "ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী শক্তিতে পরিণত করতে জেলা কমিটির পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ধরনের প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।"