রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে অনুষ্ঠিতব্য এই বৈঠকে রাষ্ট্রপতি পদের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আগামীকাল স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।’
এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসলেও, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, স্থায়ী কমিটির বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানানো হবে।