সরকার গঠিত তদন্ত কমিটির প্রস্তাবিত হিমাগার ভাড়ার চেয়ে দ্বিগুণ সংরক্ষণমূল্য আদায়ের প্রতিবাদে রংপুরে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে এই ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শিত হয়। পরবর্তীতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক এবং আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ তহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "রংপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণে ২ টাকা ৩৭ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৪৩ পয়সা পর্যন্ত খরচ হয় বলে প্রতিবেদন দিয়েছে। কিন্তু হিমাগার মালিকেরা চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি কেজি আলুর বিপরীতে ৬ টাকা ৭৫ পয়সা থেকে ৭ টাকা পর্যন্ত আদায় করছেন।"
বক্তাদের দাবি, অতিরিক্ত ভাড়ার কারণে কৃষক ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন। তাই অবিলম্বে আলুর সংরক্ষণ ভাড়া কমিয়ে কেজিপ্রতি ৪ টাকা নির্ধারণ করতে হবে।
উল্লেখ্য, হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলুচাষিরা আন্দোলনে নামলে জেলা প্রশাসন ভাড়া নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে অভিযোগ উঠেছে, জেলা প্রশাসনের সেই তদন্ত প্রতিবেদন ও সুপারিশ উপেক্ষা করেই বাড়তি ভাড়া আদায় করে যাচ্ছেন হিমাগার মালিকেরা।
এই বিষয়ে রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক আলমগীর বাদশা জানান, "হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে চাষি ও ব্যবসায়ীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।"