রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে ইমেলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে। তিনি পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাকিবুলের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে রাকিবুলের ওপর নজরদারি চলছিল। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, পুঠিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।