কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানীসহ মোট ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গোলাম রুহানী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ছোট ভাই হিসেবে পরিচিত।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানায়।
প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।