স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি এবং সম্মতির বিষয়ে সমঝোতা হয়ে গেলেও, তাকে বার্সেলোনার জার্সিতে দেখার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দলবদলের মূল্য। ম্যানচেস্টার সিটির চাওয়া অঙ্কের সঙ্গে একমত হতে পারছে না কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদন অনুযায়ী, রদ্রির জন্য ম্যানচেস্টার সিটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৪০ কোটি টাকা দাবি করেছে। বার্সেলোনা শুরুতে প্রায় ৭১২ কোটি টাকার বেশি দিতে রাজি ছিল না। তবে সিটির অনড় অবস্থানের কারণে তারা এখন প্রস্তাবের অঙ্ক বাড়াতে বাধ্য হচ্ছে।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যমতে, বার্সেলোনা সিটির কাছে প্রায় ৮৫৫ কোটি টাকার সঙ্গে বোনাসের প্রস্তাব পাঠিয়েছে। এর ফলে দুই ক্লাবের চাহিদার মধ্যে এখনও প্রায় ২৮৫ কোটি টাকার ব্যবধান রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বোনাসের শর্তাবলি যোগ করে মাঝামাঝি কোনো অঙ্কে এই সমস্যার সমাধান হতে পারে।

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। নতুন চুক্তি করতে তার অনীহা এবং বার্সেলোনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছার কারণে স্প্যানিশ চ্যাম্পিয়নরা আলোচনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে কম দামে ছাড়তে নারাজ সিটিজেনরা।

এএস দাবি করেছে, গত বৃহস্পতিবার ক্লাবের ভেতরে রদ্রির সঙ্গে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ফলে এই দলবদল শেষ পর্যন্ত সম্পন্ন করতে না পারলে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছেন সভাপতি হুয়ান লাপোর্তা। প্রয়োজনে প্রস্তাব আরও বাড়ানোর প্রস্তুতি রয়েছে তার।

পিএসজিতে ফেরান তোরেসের সম্ভাব্য দলবদল থেকে প্রাপ্ত অর্থের আশা করছে বার্সা। তবে সেই বিক্রির অপেক্ষায় রদ্রির চুক্তিটি আটকে রাখতে চায় না ক্লাব কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের মধ্যেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তারা।

এদিকে এএস-এর দাবি, রদ্রিও ইতিমধ্যে বার্সেলোনায় বাড়ি খোঁজা শুরু করেছেন। ফেরান পিএসজিতে চলে গেলে তার ছেড়ে যাওয়া বাড়িটিই হতে পারে রদ্রির নতুন ঠিকানা।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এবং বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রিকে দলে নেওয়াকে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখছে বার্সেলোনা। তবে সিটির সঙ্গে অর্থের ব্যবধান মিটমাট না হওয়া পর্যন্ত কাতালানদের এই অপেক্ষা অব্যাহত থাকবে।