নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এই দুর্ঘটনায় ট্রলার তিনটিতে থাকা ৪৮ জন জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সাগরে দুটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেছে এবং একটি ট্রলার এখনো পানিতে ভাসমান অবস্থায় রয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নিঝুমদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ডুবে যাওয়া ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের। এগুলো নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির মালিকানাধীন ছিল।
জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, "বুধবার সকালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি অবস্থানরত তিনটি মাছধরা ট্রলার ঢেউয়ের তোরে দুর্ঘটনার কবলে পড়ে।" তিনি আরও জানান, আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারের জেলেরা দ্রুত এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত ট্রলারগুলোর মাঝিমাল্লাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।
নিশান চৌধুরী আরও জানান, সাগরে তীব্র ঢেউয়ের কারণে তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে নাসির মাঝির ট্রলারটি এখনো পানিতে ভাসছে এবং সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এই ঘটনার কথা নিশ্চিত করে বলেন, "বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনাটি আমি শুনেছি। স্থানীয়দের মাধ্যমে ট্রলারে থাকা সব জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে হাতিয়ার উপকূলীয় এলাকায় মাছধরা নৌযানগুলোর ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জেলেদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সাগরে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।