বাংলাদেশের তিনটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তারা।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এ ছাড়া, পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।