ঠাকুরগাঁওয়ে একটি সার্ভিসিং সেন্টারের নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগে জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলে জুয়েল রানাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সদর থানা পুলিশ শহরের সেনুয়া ব্রিজ সংলগ্ন বউবাজার এলাকার এক বাড়ি থেকে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।

নিহত মো. আব্দুর রহমান (৫৫) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবওয়েল এলাকায় অবস্থিত টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত জুয়েল রানা সেনুয়া ব্রিজ এলাকার বউবাজারের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরবর্তীতে তার বাবা আব্দুল খালেক পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, "গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।"

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।