ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই উপজেলায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি ও ধাক্কা দেন এবং অফিসের কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। এসময় বিক্ষোভকারীরা ইউএনওকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা বলেন, "ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ ও ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।" তিনি প্রকাশিত ফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।
ঘটনাটি নিয়ে জানতে চাওয়া হলে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে নাটোরের পুলিশ সুপার (এসপি) শরীফুল হক জানান, "বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"