খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর কিসমত এলাকায় ফখরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার এমআরবি (মেসার্স রূপসা ব্রিকস) নামক একটি ইটভাটায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফখরুলের দুই ভাই ওই ইটভাটাটি পরিচালনা করেন এবং ফখরুল তাঁদের ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ইটভাটা দেখাশোনার জন্য তিনি সেখানে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ফরহাদ হোসেন জানান, তাঁর ভাই রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ইটভাটার পাশে মাছ চাষও করতেন। মঙ্গলবার রাতে মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন ফখরুল। পথে তাঁর সঙ্গে ফরহাদের দেখা হলে ফখরুল জানান, ওষুধ নিয়ে ইটভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবেন।
ঘটনার বিষয়ে রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সবুর খান মুক্তকণ্ঠকে বলেন, "ফখরুল ভাইদের ইটের ব্যবসা দেখভাল করতেন। সুরতহালে তাঁর শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।"
আজ বুধবার সকালে সুরতহাল শেষে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ফখরুলের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রাতেই থানায় একটি এজাহার দায়ের করেছেন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।