বরিশালের আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ওই স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা লোকজনের শরীরে পড়ে। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই আদালত প্রাঙ্গণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আদালতের প্রধান ফটকের সামনে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান।

ঘটনার খবর পেয়েই বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, "প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।"

তিনি আরও জানান, "বিস্ফোরিত বস্তুটি কী ধরনের এবং কে বা কারা এটি সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"